
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) সকাল ১০ টায় নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইসলামি ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ৭এপ্রিল থেকে ৯এপ্রিল পর্যন্ত ৩দিনব্যাপী এই হজ প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান সরকার। এর আগে ৭এপ্রিল কর্মশালার ১ম দিনের উদ্বোধন করেন
জেলা প্রশাসক সাইফুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান সরকার বলেন, ‘সৌদি আরবে পবিত্র হজ পালনে যেসকল হাজীরা যাচ্ছেন তাদের সকলের জন্য দোয়া রইল। সেখানে সব সময় নুসক কার্ড ও মোয়াল্লেম কার্ড সঙ্গে রাখবেন। সৌদিতে কেউ বাংলা বুঝে না। আরবী ভাষা বুঝে। যেখানে থাকবেন সেই স্থানের ছবি তুলে রাখবেন। আপনারা যেনো হজের সমস্ত কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারেন এবং সুস্থভাবে বাড়ী ফিরে আসতে পারেন সেই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।’
প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের হজের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়, স্বাস্থ্যবিধি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ জানান,
ময়মনসিংহ জেলা থেকে মোট ১৯৫৬জন হাজী পবিত্র হজ পালনে সৌদি আরবে গমন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সরকারি পর্যায়ে যাচ্ছেন ১৪০জন হাজী। এই প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা সঠিকভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন এবং যাত্রাপথে সম্ভাব্য সমস্যাগুলো মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবেন।