
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টার দিকে মনসুর শেখ(৫৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সে স্থানীয় ভিটবিলা গ্রামের জয়নাল শেখের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ। এর আগে গত সোমবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের ইসলাম খঁা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চায়না খাতুন নামে এক গৃহকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। গুরুতর আহত ওই ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত গৃহকর্মী চায়না খাতুন (৪৫) ওই গ্রামের শুকুর খঁার স্ত্রী। এ ঘটনায় গৃহকর্মী চায়না খাতুনের স্বামী আব্দুস শুকুর খা বাদি হয়ে মঙ্গলবার সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে গতরাতে ঝামেলা হয়। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন। এদিন সকালে লাঠিসেঁাটা নিয়ে পাহারা বসায় তারা এবং বাজারে যাওয়া পুর্বপাড়ার লোকদেরকে ফিরিয়ে দেয় পশ্চিমপাড়া লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের ওপর হামলা চালায়। এ সময় গুলিতে গৃহকর্মী চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান।পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ মঙ্গলবার জানান, এ ঘটনায় গৃহকর্মী চায়না খাতুনের স্বামী আব্দুস শুকুর খা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।