
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (দুপুর ১১টার দিকে) উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাড়ির উঠানে আমগাছের সঙ্গে বাঁধা গরু গোয়ালে নিতে ঘর থেকে বের হন সাহেরা বেগম। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাহেরা বেগম একই গ্রামের বাসিন্দা আজিজার রহমানের স্ত্রী। আকস্মিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে সাহেরা বেগমের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তবে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এমন খবর পাইনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।