
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ পাঁচ মাস ধরে সীমানা জটিলতার কারণে বালুমহালের কার্যক্রম বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছিলেন নদীতে বালু উত্তোলন ও পরিবহনের কাজে নিয়োজিত বারকি ও বালুশ্রমিকরা। অবশেষে সীমানা নির্ধারণ হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের উপস্থিতিতে ভূমি অফিসের সার্ভেয়ার মো. ফরিদ উদ্দিন সোনালী চেলা নদীর বালুমহালের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সীমানা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের কার্যক্রম বন্ধ ছিল। এতে ইজারাদারকে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
পাশাপাশি বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত বারকি ও বালুশ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন। ফলে তাঁদের জীবিকা নির্বাহেও দেখা দেয় অনিশ্চয়তা।
সীমানা নির্ধারণের পর স্থানীয় বারকি ও বালুশ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বালুমহালের কার্যক্রম বন্ধ থাকায় তাঁদের আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। সীমানা নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হওয়ায় তাঁরা আশাবাদী। এ উদ্যোগের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, ইজারাদার কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনালী চেলা নদীর বালুমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।