
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র্রে টানা ১০ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেল। তবে তাঁর দায়িত্ব পালন ও কর্মস্থলে উপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, নির্ধারিত কর্মঘণ্টায় স্বাস্থ্যকেন্দ্র ফাঁকা রেখে বাইরে ঘোরাফেরা করেন তিনি। এছাড়া নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হয় হাসপাতালের কার্যক্রম। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ সময় কেন্দ্রটি ফাঁকা থাকার ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা সংরক্ষিত রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন মাত্র একজন। ফলে তাঁর অনুপস্থিতিতে বিকল্প কোনো কর্মকর্তা না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একজন কর্মকর্তা চা খেতে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ কার কাছে যাবেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
স্বাস্থ্যসেবা নিতে আসা আরিফুল নামে এক ব্যক্তি বলেন, “আমি স্বাস্থ্যসেবা নিতে এসে দেখি, চিকিৎসকের চেম্বারে কেউ নেই। অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কেন কর্মস্থলে অনুপস্থিত, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।”
এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, “চা খাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম। অফিসে এসে আমাকে না পেলে একটু ফোন দিয়েন।”
এদিকে, স্বাস্থ্যকেন্দ্রটি ফাঁকা থাকার দৃশ্য ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েন সংবাদকর্মী। অভিযোগ রয়েছে, অফিসের ছবি তোলার সময় স্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস (অফিস সহায়ক) শামীম হোসেন ছবি তোলা হয়েছে কেন? এমন প্রশ্ন তুলে সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা করেন। জনস্বার্থসংশ্লিষ্ট একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনার অতিরিক্ত দায়িতপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে ইতোপূর্বে কেউ আমাকে এভাবে অভিযোগ বা বিষয়টি অবগত করেননি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখব এবং তাঁকে এ বিষয়ে সতর্ক করা হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িতপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন।
তাঁদের দাবি, বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে তদন্ত করে সাধারণ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
মুহম্মদ তরিকুল ইসলাম।।