
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান বলেছেন-”আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে নজরদারি ও পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন-পূঁজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও মাদককে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অপরাধ প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
শুক্রবার (৯অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত
ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এসময় পুলিশ সুপার পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ও সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান।
আলাপকালে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ উৎসবকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহবান জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক বিভাগের কর্মকর্তা মোঃ আশরাফুল করিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
এসময় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার কামরুল হাসান।
পুলিশ সুপার আরও বলেন-”পূজামণ্ডপ গুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন কালে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে জেলা পুলিশ।