
আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৬৬টি শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর, ৫টি তৈরি পোশাক, ৫ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, সাড়ে ৭ কেজি কিসমিস, ২ হাজার ৫০টি চকলেট, ১২০টি খাদ্যসামগ্রী, ৩ কেজি আমসত্ত্ব, ২০০টি ওষুধ, ২৮ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৪৭২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।