
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকারের সময়োপযোগী পদক্ষেপের অংশ হিসেবে ১৮ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন। এ সময় তিনি সরকারের কৃষিখাতে দেওয়া বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
ধামইরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নুর নবী খান, অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন রাব্বি প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি প্রদান সহ কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বেশি বেশি সরিষা উৎপাদনে করনীয়, সতর্কতা ও পরামর্শ প্রদান করা হয়।
আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।