
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুন নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নূরুন নবী রতন চৌধুরী সমন্তাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ক্ষেতলাল থানার মামলা নম্বর-১২ এর এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (১৬ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।