
এম,এ আলিম রিপন,সুজানগর :
পাবনার সুজানগরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দেওয়ার অভিযোগে আকবর আলী নামে এক ভুয়া চক্ষু চিকিৎসক ও লাইসেন্সবিহীন বেড়া আই হাসপাতাল এ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে প্রশাসন। জেলা এনএসআই পাবনার গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগীতায় রবিবার(১৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে সুজানগর উপজেলার দুলাই এলাকায় উপজেলা নির্বার্হী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয় । এ সময় থানার ওসি মোজাফফর হোসেন, জেলা এনএসআই কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ভুয়া চিকিৎসক আকবর আলী ও লাইসেন্সবিহীন বেড়া আই হাসপাতাল এ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বার্হী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। কারাদন্ড প্রাপ্ত ভুয়া চিকিৎসক আকবর আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে এবং অপরজন বেড়া আই হাসপাতাল এ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামানিকের ছেলে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের স্থানীয় মোক্তার শেখের বাড়িতে একটি অস্থায়ী চক্ষু ক্যাম্প বসিয়ে রোগীদের চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসক হিসেবে কোনো বৈধ সনদ বা বিএমডিসি নিবন্ধন না থাকা এবং বেড়া আই হাসপাতাল এ্যান্ড ফ্যাকো সেন্টারের কোন লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেওয়ার অপরাধে অভিযুক্ত দুইজনের প্রত্যেককে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং অবৈধ চক্ষু ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়। এসময় চক্ষু ক্যাম্পের প্রচারকারী রবিউল ইসলাম ও রুপা আক্তার নামে দুই ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং হাতুড়ে ও ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।