
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
মশার উপদ্রব থেকে গবাদিপশুকে বাঁচাতে জ্বালানো কয়েলই কাল হলো কৃষক আমজাদ হোসেনের। রাত সাড়ে ৯টার দিকে সয়ার ফরিদাবাদ সরকার পাড়া এলাকায় তার গোয়ালঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ৪টি বড় গরু ও ৫টি ছাগল। চোখের সামনে উপার্জনের একমাত্র সম্বল গবাদিপশুগুলোকে আগুনে পুড়ে মরতে দেখে পুরোপুরি নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন এই কৃষক।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন আমজাদ হোসেন। রাত সাড়ে ৯টার দিকে সেই জ্বলন্ত কয়েল থেকে গোয়ালঘরের শুকনো খড়ে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই তা ভয়ংকর রূপ ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও গবাদিপশুর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারলেও তার আগেই গোয়ালঘরে থাকা ৪টি স্বাস্থ্যবান গরু এবং ৫টি ছাগল আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়; সম্পূর্ণ ভস্মীভূত হয় টিন ও বাঁশের তৈরি গোয়ালঘরটি।
ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ হোসেন কান্নায় ভেঙে পড়ে জানান, এই গবাদিপশুগুলোই ছিল তার পরিবারের আয়ের প্রধান উৎস, যা হারিয়ে তিনি এখন পথে বসেছেন। মর্মান্তিক এই ঘটনায় পুরো সরকার পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষককে পুনরায় ঘুরে দাঁড়াতে জরুরি ভিত্তিতে সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।