
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, অ্যাডভোকেট একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দাস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ।
এদিকে, দিবসটি উপলক্ষে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।