
সিরাজগঞ্জ প্রতিনিধি :
শিশুদের সৃজনশীলতা বিকাশ, সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জে শিশু সংগঠন খেলাঘরের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সলঙ্গার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গতকাল বিকেলে খেলাঘর সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সলঙ্গা থানার ধুবিল মালতিনগর এলাকার হলি চাইল্ড স্কুল এবং ধুবিল আয়শা-ফজলার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক, খ ও গ—এই তিনটি বিভাগে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে খেলাঘরের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শিমুল, সাধারণ সম্পাদক ডা. রোকনুজ্জামান, উল্লাপাড়া শাখার সভাপতি এম.এ. সালাম, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ধুবিল আয়শা-ফজলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরাসহ স্থানীয় শিক্ষকমণ্ডলী ও সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, খেলাঘর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন। শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, চিত্রাঙ্কন, সাহিত্যচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং মননশীল মানুষ হিসেবে গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।