
জাকিরুল ইসলাম জাকির (দিনাজপুর) প্রতিনিধি:
সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মাছুম (মাওলানা এটিএম মাছুম) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে।
শুক্রবার বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম ও মো. আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত এবং জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাছুম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহে দলীয় লোকজনকে পুনর্বাসিত করছে। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে। দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে।
সংগঠনের রুকনদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, শপথের জনশক্তি হিসেবে রুকনদের নিয়মিত কুরআন ও হাদিস অধ্যয়নের পাশাপাশি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণে বুদ্ধিবৃত্তিক যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের অধিকার আদায়ে সর্বাত্মক ভূমিকা পালনের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যথাযথ প্রস্তুতি ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
এসময় রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার ৪ শতাধিক রুকন (পুরুষ ও মহিলা) প্রমুখ উপস্থিত ছিলেন।
মো: জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।।