
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি সুফেল রানার সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইব্রাহীম মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী।
বিশেষ অতিথি ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আইয়ুব আলী বলেন, চারঘাট উপজেলার যুবসমাজের প্রধান তিনটি সমস্যা হলো বেকারত্ব, মাদকের বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার। এসব সমস্যা মোকাবিলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাস্টার আবুল কালাম আজাদ সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গঠনে চারঘাট উপজেলার যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ জন্য তিনি কর্মমুখী শিক্ষার প্রসার, উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এ সময় চারঘাট উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা যুব বিভাগের সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী