
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে র্যাব-৪-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাব-৪-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে শাহিন আলম ও বাবুলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে মজুদ করত। পরে আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে অধিক দামে এসব মাদক বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৪। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব-৪।