
হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ায় আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) জুমার নামাজের পর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায় অবস্থিত জিয়া ম্যানশন ভবনে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাতবারের শ্রেষ্ঠ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূইয়া।
জিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের সূচনা করেন মো. ছফিল উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি জহিরুল ইসলাম খান লিটন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোকছেদ উদ্দিন ভূইয়া, লিটন মোল্লা ও মজিবুর রহমান ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা স্বল্প খরচে মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। নির্ভরযোগ্য রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক জিয়াউর রহমান জিয়া জানান, প্রতিদিন ছয়জন অভিজ্ঞ চিকিৎসক এখানে রোগীদের সেবা প্রদান করবেন। এছাড়া আল্ট্রাসনোগ্রাফি, হেমাটোলজি অ্যানালাইজার, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, পেশেন্ট মনিটর, স্পাইরোমেট্রি, সাকশন মেশিন, নেবুলাইজারসহ আধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার প্রয়োজনীয় সুবিধা প্রতিষ্ঠানটিতে রয়েছে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং সকল রোগীর সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেছেন।