
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইসরাত জাহান রবিবার ১৭ মে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় নবাগত ইউএনও’কে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও ইসরাত জাহান ঢাকা বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে যোগদান করেন। সেখান থেকে তিনি ইউএনও হিসেবে গোদাগাড়ীতে যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস এর প্রশাসন ক্যাডার। উল্লেখ্য যে, বিআরটিএ যোগদানের আগে তিনি ফরিদপুর সদর উপজেলায় ইউএনও ছিলেন।
ইউএনও ইসরাত জাহান নতুন কর্মস্থলে যোগদান করে তিনি প্রথম কর্মব্যস্ত দিন অতিবাহিত করার পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে প্রাথমিক পর্যায়ে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, সরকারের দায়িত্ব কর্তব্য পালনে গোদাগাড়ীতে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন।
স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ ও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও সকল অসঙ্গতি দূর করে গোদাগাড়ী উপজেলাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন ইউএনও ইসরাত জাহান।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।