
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২৩ এপ্রিল অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও তাদের এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দুইজনকে বহিষ্কার করেন।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা বলেন, “পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা মিলেছে বলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
এছাড়া উপজেলার শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সুশেন মন্ডলকেও অনিয়মের অভিযোগে পরীক্ষার প্রথম দিন, ২১ এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর আবেদন করা হবে।