শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :

ফিডব্যাক প্রাইভেট কোচিং সেন্টারে বিদায়ী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন উপজেলা সদরে অবস্থিত ফিডব্যাক প্রাইভেট কোচিং সেন্টারের ২০২৬ সালের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উষ্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ শামীম আখতার ও মোঃ আব্দুল খালেক। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষক মণ্ডলী উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানান।
নিতপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ শামীম আখতার ও মোঃ খালেক অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা,নৈতিক শিক্ষা, নিয়মিত অধ্যবসায় এবং আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বক্তব্যকালে প্রধান অতিথি মোঃ সাদিকুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক ও সু-শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্তানের শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি মজবুত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি মাদক, বাল্যবিবাহ এবং শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য এবং ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিডব্যাক কোচিং সেন্টারের পরিচালক মোঃ আব্দুল মজিদ অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সন্তানের সার্বিক বিকাশের জন্য শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনও প্রয়োজন। কৃষি কাজ সহ বিভিন্ন ইতিবাচক কাজে সম্পৃক্ততার মাধ্যমে শিশুদের কর্মমুখী ও দায়িত্বশীল করে গড়ে তোলা সম্ভব। তবে এসবের পাশাপাশি নিয়মিত স্কুলে উপস্থিতি এবং পড়াশোনায় মনোযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি অতীত ও বর্তমান শিক্ষাব্যবস্থার পার্থক্য তুলে ধরে বলেন, একসময় সীমিত জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা পাস করতে পারত, কিন্তু বর্তমান সময়ে শিক্ষার মান ও প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধু কোচিংয়ে ভর্তি করালেই দায়িত্ব শেষ হয় না। সন্তান কোচিং শেষে বাসায় ফিরছে কিনা, নিয়মিত পড়াশোনা করছে কিনা এবং পড়াশোনায় মনোযোগী কিনা—এসব বিষয়ে অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি রাখা প্রয়োজন। পাশাপাশি কোচিং সেন্টারে মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত হচ্ছে কিনা, সেটিও খেয়াল রাখতে হবে।
তিনি সতর্ক করে বলেন, পুরনো ধ্যান-ধারণা নিয়ে বর্তমান শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ন করা ঠিক নয়। বর্তমান যুগে শিক্ষার মান অনেক উন্নত ও আধুনিক, তাই শিক্ষার্থীদেরও সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে।
পরিশেষে তিনি জানান, শিক্ষার্থীদের সু-শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ফিডব্যাক প্রাইভেট কোচিং সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফিডব্যাক প্রাইভেট কোচিং সেন্টারে বর্তমানে প্রায় ১৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা প্রদান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin