
মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
গভীর শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা ও দেশপ্রেমের আবহে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল ৬টায় কেন্দ্রীয় শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী এবং সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
পর্যায়ক্রমে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৮টায় মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়।
এ সময় মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে দেশাত্মবোধক আবহ তৈরি হয়। পরে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন ইউএনও এবিএম সারোয়ার রাব্বী।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এ আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের শিক্ষা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।