
আজিজুল ইসলামঃ যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রী-পিস ও কসমেটিক্সসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৬ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি’র টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ১৬টি জর্দ্দা, ০৭ প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট এবং ১,২৩৯টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।”দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এই মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।”— লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি (অধিনায়ক, ৪৯ বিজিবি)
তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত চোরাকারবারিদের দমন এবং সীমান্তে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।