
।।গোলাম মোস্তফা রাঙ্গা।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপন এবং ৩০৪টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯৭৮জন সদস্য মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে সদস্য পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এছাড়া অত্র জেলায় আনসার ব্যাটালিয়নের ০১টি স্ট্রাইকিং টিম যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তত থাকবে।
এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পঞ্চগড়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, পন্চগড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান , বিভিএম
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার্স ইনচার্জ।
দেবিগন্জ উপজেলায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাবু ইন্দ্রজিৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবিগঞ্জ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
এদিকে, পঞ্চগড় জেলার অন্যান্য উপজেলাতেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসব ব্রিফিংয়ে পূজামণ্ডপের নিরাপত্তা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।