
বাবুল হোসেন পঞ্চগড়।
“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, “সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকারের সুন্দর পরিকল্পনা রয়েছে। আশা করি, এসব পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। একটি মানুষও গৃহহীন থাকবে না।”
তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবার স্বার্থে সবাইকে সময়মতো কর (ট্যাক্স) পরিশোধ করার আহ্বান জানান।
বক্তারা টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।