বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শেরপুরে ৩০ পিস ই-য়াবাসহ যুবক গ্রে-প্তার পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিবসে বি-তর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষেতলালে মাদ্রাসা ছাত্রকে মা-রধরের অভিযোগে শিক্ষক গ্রে-প্তার গৌরনদীতে ক্ষুদ্র ও প্রা-ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ যশোর সীমান্তে বিজিবির অভি/যান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে স-রে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: বিদায় নিলেন সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ নাগেশ্বরীতে থানায় অভিযোগের পরেও থামেনি স-হিংসতা: রাতের আঁধারে পুনরায় জো-ড়পূর্বক জমি দখ-ল সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চা-পায় পি-ষ্ঠ হয়ে ২জন নিহ-ত রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রা-র্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

ক্ষেতলালে মাদ্রাসা ছাত্রকে মা-রধরের অভিযোগে শিক্ষক গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০০ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলালে পড়া দিতে গিয়ে আটকে যাওয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে লাঠি দিয়ে মারধরের অভিযোগে শিক্ষক হাফেজ মো. আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার বিনাই দারুল উলুম হাফেজিয়া ও নুরানি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জিহাদ (১৩) ওই গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে। বর্তমানে সে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষক আমির হামজার বাড়ি পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলায় বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ওই মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী। ইতোমধ্যে সে পবিত্র কোরআনের ১৮ পারা হিফজ করেছে। স্থানীয় বিভিন্ন হিফজ প্রতিযোগিতায়ও তার সাফল্য রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, প্রতিদিনের মতো আগের রাতে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে পড়া দিতে শুরু করলে একপর্যায়ে কিছু অংশে আটকে যায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মারধর করেন। পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা নিয়ে মাদ্রাসা থেকে দৌড়ে বাড়িতে চলে যায় সে।

জিহাদের বাবা মোশাররফ হোসেন বলেন, এর আগেও ওই শিক্ষক তার ছেলেকে মারধর করেছিলেন। বিষয়টি নিয়ে শিক্ষককে নিষেধও করেছিলেন তিনি। কিন্তু এবার তার ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে, মাদ্রাসা থেকে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে। পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে তিনি হতবাক হয়ে যান।

তিনি আরও বলেন, ছেলেকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে ইউএনও থানায় ফোন করে সেখানে যেতে বলেন। পরে থানার পরামর্শে ছেলেকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

জিহাদের মা বলেন, তার ছেলেকে যেভাবে মারধর করা হয়েছে, তা অত্যন্ত অমানবিক। পড়া না পারলে বুঝিয়ে শেখানোর পরিবর্তে এভাবে শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, একজন মেধাবী শিক্ষার্থীর ওপর এমন নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পড়াশোনায় ভুল বা অমনোযোগিতার কারণে কোনো শিশুকে শারীরিক নির্যাতন করার সুযোগ নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিনাই দারুল উলুম হাফেজিয়া ও নুরানি কওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষককে এখনো আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। প্রাথমিকভাবে তাকে রাখা হয়েছে। তার পারফরম্যান্স ভালো হলে নিয়োগ দেওয়া হবে। এমনিতে তিনি ভালো ছেলে।

শিক্ষার্থীকে মারধরের বিষয়ে তিনি বলেন, ছেলেটি পড়াশোনায় ভালো। কিছুদিন আগে এই শিক্ষকই তাকে একটি অনুষ্ঠানে বিজয়ী করে এনেছিলেন। ছেলেটির বাবা আগে বলেছিলেন, পড়াশোনা না করলে তাকে শাসন করতে। হয়তো হুজুর একটু শাসন করেছেন। বিষয়টি তাদের জানালে স্থানীয়ভাবেই সমাধান করা যেত। কিন্তু তারা জানতে জানতে তাকে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, ভুক্তভোগী পরিবার তার কাছে এসেছিল। তিনি থানায় ফোন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান। তিনি জানান, পরিবারের অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin