
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,কুমিল্লায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসের স্টাফদের সঙ্গে কথা কাটাকাটি হয়, পরে বাসটি তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার চলন্ত বাসে লাভ দিয়ে উঠলে তাঁদের সঙ্গে বাসের হেল্পার ও সুপারভাইজার এর মধ্যে ধস্তাধস্তি হয়। তার এক পর্যায়ে জিগারতাল নামক স্থানে বাসের স্টপরা লাথি মেরে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেন।
পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় খিয়ারজুম্মা বাজারে বাসটি আটকানো হয়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি ইসরাইল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ ঘটনায় বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের বাস চালক মৃত: আ: গফুরের ছেলে, আবির হোসেন (২৬) ও হেলপার মৃত: আ: জয়নালের ছেলে শফিকুল ইসলাম (২৮) কে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে ।