
বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে সড়কের পাশের ধানখেতে ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় এক গণমাধ্যমকর্মীর স্ত্রী ও আট বছর বয়সী মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাঁদের আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তাঁর মেয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে প্রমিলা ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে মাহমুদা ও তাঁর মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত পাঁচজন হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। তবে ট্রাকটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।