
লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার আসন্ন ৫নং লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন তিনি। পরে সন্ধ্যায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেন। পাশাপাশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
গণসংযোগ ও মতবিনিময়কালে মো. আবুল হোসেন বলেন, আমি ১৯৯৬ সাল থেকে বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। রাজনৈতিক জীবনে অনেক ক্ষয়ক্ষতি ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো কারও ক্ষতি করিনি, ভবিষ্যতেও করব না।
আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিয়ে নির্বাচিত করলে আমার ইউনিয়নে কোনো ট্যাক্স, চাঁদাবাজি থাকবে না। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে বিনা টাকায় পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবা, উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।