
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে -২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আব্দুল্লাহ আনাস। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু ও গৃহিণী সেলিনা খানমের ছেলে।
আব্দুল্লাহ আনাস তার শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য ধরে রেখে এই ফল অর্জন করেছে। এর আগে প্রতিটি বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার কৃতিত্বও রয়েছে তার। এইচএসসিতে জিপিএ-৫ অর্জনের মধ্যদিয়ে তার ১২ বছরের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সফল সমাপ্তি হলো।
ফল প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আনাস লিখেছে, “আলহামদুলিল্লাহ! আরো একটি GPA-5.00।” সে জানায়, এই অর্জন শুধু তার একার নয়; এর পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের অনুপ্রেরণা এবং শুভাকাঙ্ক্ষীদের অফুরন্ত ভালোবাসা।
নিজের সাফল্যের জন্য বিশেষভাবে মা সেলিনা খানমের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে আনাস। পড়াশোনা ও জীবনের প্রতিটি পর্যায়ে মায়ের ত্যাগ, দুশ্চিন্তা ও নির্ঘুমরাত জেগে অপেক্ষার কথা স্মরণ করেছে সে। পাশাপাশি বাবার ব্যস্ততার মধ্যেও সময় দেওয়া, প্রয়োজন পূরণ এবং পড়াশোনায় সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেছে।
এ ছাড়া কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. জাবের হোসেন, হাউস মাস্টার খায়রুল আলম, সাবেক হাউস মাস্টার আবু সালেহ, হাউস টিউটর জোবায়ের আহমেদ, শ্রেণিশিক্ষক দেওয়ান শামসুজ্জোহা, সাবেক শ্রেণিশিক্ষক মাইনুদ্দীনসহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সে।
শিক্ষাজীবনের এই আনন্দঘন মুহূর্তে প্রয়াত নানা ডা. আমির হোসেন শেখকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে আনাস। শৈশবে তাকে স্বপ্ন দেখতে শেখানোর জন্য নানার অবদানের কথা উল্লেখ করে আবেগঘন স্মৃতিচারণও করেছে।
এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে।
ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া চেয়ে আব্দুল্লাহ আনাস লিখেছে, জীবনের একটি দীর্ঘ অধ্যায় শেষ হলেও স্বপ্নের পথচলা এখনো অনেক বাকি। অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় সে।