
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন রাজশাহীর চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। শারীরিক প্রতিবন্ধকতায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এক ব্যক্তিকে হুইলচেয়ার এবং জীবিকা নির্বাহের জন্য আরেক ব্যক্তিকে একটি ভ্যান উপহার দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে চারঘাট পৌরসভার মিয়াপুর ও মেরামতপুর এলাকায় পৃথকভাবে এসব সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকার বাসিন্দা মোস্তাকিন (৬০) প্রায় আট বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। বর্তমানে তিনি বিছানাগত অবস্থায় রয়েছেন। টুলু প্রফেসরের বাড়ির পূর্ব পাশে তাঁর বাড়ি। এক ছেলে ও এক মেয়ের বাবা মোস্তাকিনের চলাফেরার কষ্ট কিছুটা লাঘব করতে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দেন আসাদুজ্জামান জুয়েল।
অন্যদিকে, মেরামতপুর এলাকার পিতা মৃত আমিন উদ্দিনের ছেলে আতাউর রহমান (৪২)। তাঁর পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের ভরণপোষণে সহায়তা এবং নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তাঁকে একটি ভ্যান প্রদান করা হয়।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন দীর্ঘদিনের অসুস্থ মানুষ যেন কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন এবং একজন অসহায় ব্যক্তি যেন নিজের কর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, সেই মানবিক চিন্তা থেকেই আমার এই উদ্যোগ। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সব সময় পাশে থাকতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর পদপ্রার্থী বাবর আলী, প্রফেসর রফিকুল ইসলাম টুলু, সাইদুর রহমান, জুবায়ের রহমান ও আবুল বাশারসহ স্থানীয় ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, অসহায় মানুষের প্রয়োজনের সময়ে এ ধরনের সহায়তা তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাঁরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী