
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুঞ্জুরুল হক মুঞ্জু বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির প্রাণশক্তি। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং তাদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজন করা জরুরি।ভবিষ্যতে সুযোগ পেলে এধরণের আয়োজনে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
রবিবার (১ নভেম্বর) সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের সুহিলা উত্তরপাড়া এলাকায় স্থানীয় যুবসমাজ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুঞ্জুরুল হক মুনজু বলেন, যারা আজকে খেলার আয়োজন করেছে তারা শুধু যুবসমাজ নয়, তারা হলেন অন্যান্য তরুণ সমাজের স্বপ্ন গড়ে তোলার প্রদর্শক। এখানে যারা খেলবে, তারা শুধু জয়-পরাজয়ের অভিজ্ঞতা অর্জন করবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা গ্রহণ করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, তরুণদের মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বেরিয়ে আসতে হবে। মাঠে নামলে তারা শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করবে না, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু-কিশোরদের জন্য খেলাধুলার বিকল্প নেই, কারণ এটি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুঞ্জুরুল হক মুনজু বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা প্রকাশিত হবে। তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তাহের মেম্বারের সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।