
ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ৩ শিক্ষার্থী। ২০২৪ সালে তারা এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। দুই বছর পর উচ্চ মাধ্যমিক (এইচএসসি ২০২৬) পরীক্ষায় তাদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থী হলেন মো. আকাশ মিয়া (মানবিক শাখা), মো. সুলাইমান ইমরান (বিজ্ঞান শাখা) ও মোছা. মাহফুজা আক্তার (মানবিক শাখা)। তাঁদের মধ্যে আকাশ ফুলবাড়িয়া কলেজ, সুলাইমান ইমরান ময়মনসিংহের নটর ডেম কলেজ এবং মাহফুজা আক্তার ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ২০২৬ পরীক্ষায় অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সায়ফুল ইসলাম কাজল বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। একই সঙ্গে তাঁরা যেন দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারেন, সেই প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যে আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।