
এম এ আলিম রিপন,সুজানগর : সারাদেশের ন্যায় পাবনার সুজানগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সুজানগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মালেক। প্রেস কনফারেন্সে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শামীম হোসেন, উপজেলা আইসিটি অফিসার আসিফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। এটি বাস্তবায়নে সকলে সহাযোহিতা প্রয়োজন। আমাদের সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শুমারী পরিচালনার জন্য ১৩১ জন তথ্য সংগ্রহকারী ও ১৩জন সুপারভাইজার নিয়োগ প্রদান সম্পন্ন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার মানিকহাট ও আহম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর শুমারী শুরু হবে । অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক উদ্দেশ্য ও বাস্তবায়নের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ আরও জানান, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে এবং সরকারি সুবিধা স্বচ্ছতার সাথে পৌঁছাতে তথ্য সংগ্রহের কাজটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হবে। এই জনকল্যাণমূলক উদ্যোগকে সফল করতে তিনি স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং পরে সংগৃহীত তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতে পরিবারের সংখ্যা নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। যোগ্য ব্যক্তিরা পরবর্তী সময়ে ভাতা পাবেন।পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে অনিয়মের সুযোগ থাকবে না। এ জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।