
খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ
অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা লুট এবং মেডিকেল খরচের নামে আরও ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ মূল সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
জানা যায় ফরিদপুর কোতোয়ালি থানায় ভুক্তভোগী মোঃ মাহামুদ হাসানের (৩৮) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নীলফামারীর কিশোরগঞ্জ এবং রংপুরের তারাগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কিশোরগঞ্জের উত্তর সিঙেরগাড়ী জুম্মাপাড়ার আব্দুল ওহাবের ছেলে মোঃ ছেয়াদুল ইসলাম (৩৫),কে সিঙেরগাড়ী হাজীরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় ও রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচারী বালাপাড়া গ্রামের ,আজিম উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫)কে তারাগঞ্জ থানাধীন আলমগীরের বাজারস্থ একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহামুদ হাসান অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করার সময় ফেসবুক মেসেঞ্জারে মূল অভিযুক্ত ও অস্ট্রেলিয়া প্রবাসী পরিচয়ে মোঃ মোশারফ হোসেনের (৩৫) (ফেসবুক ফেক আইডি) সাথে পরিচিত হন। মোশারফ নিজেকে প্রভাবশালী প্রবাসী দাবি করে তাকে সেখানে নিশ্চিত চাকরি ও ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখায়। সরল বিশ্বাসে মাহামুদ হাসান মেসেঞ্জারে তার পাসপোর্ট, এনআইডি কার্ডসহ সব ব্যক্তিগত নথিপত্র আসামির কাছে পাঠান।ধাপে ধাপে অর্থ হাতিয়ে নেওয়া পর গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে প্রধান আসামির নির্দেশে মেডিকেল ও ভিসা প্রসেসিং খরচ বাবদ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে চার কিস্তিতে মোট ১,২৭,৫০০ টাকা পাঠান ভুক্তভোগী। এই টাকা বাংলাদেশে থাকা মোশারফের ভাই মশিউর রহমান, স্ত্রী সানু বেগম ও সহযোগী ফাতেমা সুমাইয়ার অ্যাকাউন্টে জমা হয়। এরপর মূল আসামি মোশারফ জানায়, ভিসা নিশ্চিত করতে মাহামুদ হাসানের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ২০ লাখ টাকা থাকতে হবে এবং সেই ব্যাংক ব্যালেন্সের স্টেটমেন্টের ছবি মেসেঞ্জারে পাঠাতে হবে। নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় নিরুপায় হয়ে ভুক্তভোগী মাহামুদ হাসান নিজের জমি বিক্রি করেন। পরবর্তীতে গত ২৭ মে ২০২৫ তারিখে তিনি অগ্রণী ব্যাংকে ১২,০৬,০০০ টাকা এবং প্রাইম ব্যাংকের নগরকান্দা শাখায় ৩,০০,০০০ টাকা জমা করে সেই ব্যাংক স্টেটমেন্টের ছবি আসামির মেসেঞ্জারে পাঠান।মাত্র দুই দিনে ১৬ লাখ টাকা উধাওস্টেটমেন্টের ছবি ও নথিপত্র হাতে পাওয়ার পর, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য জালিয়াতি করে। গত ৪ জুন ২০২৫ সকাল ১০:০০ টা থেকে ৬ জুন ২০২৫ দুপুর ১২:৩০ টার মধ্যে (মাত্র ৫০ ঘণ্টার ব্যবধানে) অগ্রণী ব্যাংক এবং প্রাইম ব্যাংক থেকে সর্বমোট ১৬,৩৭,৫০০/- (ষোলো লাখ সাঁইত্রিশ হাজার পাঁচশত) টাকা প্রতারণামূলকভাবে তুলে নিয়ে আসামিরা আত্মগোপনে চলে যান।
টাকা হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পর ভুক্তভোগী মাহামুদ হাসান ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল নীলফামারী ও রংপুরের তারাগঞ্জে যৌথ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি ছেয়াদুল ইসলাম ও মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।