
কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদীতে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান। দন্ডপ্রাপ্ত বিকাশ গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড হরিসেনা গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত বিকাশ মাদকের টাকা জোগার করতে না পারলেই বসতঘর ভাংচুর সহ তার মা-বাবাকে মারধর করতো। তাকে সুস্থ করার জন্য ৬ মাস রিহ্যাবে রাখা হয়েছিলো। রিহ্যাব থেকে বের হয়ে সঙ্গ দোষে ফের মাদকাসক্ত হয়ে পড়ে বিকাশ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, মাদকসেবী বিকাশ মাদকের টাকার জন্য তার বাবা-মাকে শারীরিক নির্যাতন করে আসছিলো। মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদক সেবনের তথ্য পেয়ে হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে তাকে (বিকাশ) একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বিকাশকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।
গৌরনদীতে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম: একজনকে জরিমানা, বকেয়ার
কারণে ২৩ সংযোগ বিচ্ছিন্ন
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎ ব্যবহারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক গ্রাহককে ৫ হাজার টাকা জরিমানা একই সঙ্গে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার নন্দনপট্টি গ্রামের রবিউল সরদার (পিতা: মিজান সরদার) এর বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ব্যবহার সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে। এ সময় গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকা ২৩টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বকেয়া বিল পরিশোধ না করায় এসব সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, বিদ্যুতের অপচয়, অবৈধ ব্যবহার ও বকেয়া বিল আদায় নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা গ্রাহকদের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ এবং বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের ফলে এলাকায় বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
।