
তরিকুল ইসলাম তরুন,
শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাক মিয়া বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা শুধু শিক্ষক-শিক্ষার্থীর ওপর নির্ভর করে না, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে সুদৃঢ় যোগাযোগ বজায় রাখতে হবে। বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়ের সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পরিষদ সবসময় সহযোগিতা করবে।
সভায় অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করে।
মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়।