
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরী একটি অতি ব্যস্ত সড়কে যানজট লেগে গেলে স্থানীয় সাংসদ নিজেই রাস্তায় নেমে পড়েন। জ্যামে আটকা বিভিন্ন যানবাহনের চালকদের ইশারা দিয়ে সরিয়ে দেন তিনি।
শুক্রবার (২৮মে) বিকালে ময়মনসিংহ নগরীর ব্রীজ মোড়ে এ দৃশ্য চোখে পড়ে। ময়মনসিংহ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এ দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনা,শেরপুর, কিশোরগঞ্জ জেলায় যাতায়াতের একমাত্র কেন্দ্রস্থল ময়মনসিংহ ব্রীজ মোড়, এখানে অবস্থিত বাসটার্মিনাল থেকে তিন জেলায় যাতায়াতের গাড়ী ও লোকাল সিএনজি, অটো,মাহিন্দ্র বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াতের কারণে এই ব্রীজ মোড়ে যানবাহনের দীর্ঘ জট নিত্যদিনের ঘটনা। এমন পরিস্থিতিতে ট্রাক, বাস, পিকআপ, অটোরিকশা গুলোকে বিভিন্ন দিকে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন একজন। সঙ্গে আরও কয়েকজন তাকে সহযোগিতা করছেন। কিছুক্ষণের মধ্যে শৃঙ্খলাও ফিরে। কিছুক্ষণ পর সবাই জানতে পারেন সড়কের যানজট কমাতে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নিজেই এ কাজ করছেন। এটি দেখে সবাই তার সহজ-সরল কর্মের প্রশংসা করেন।
ওই সড়কের মাহবুব নামে এক যাত্রী বলেন, ‘জানতে পারলাম তিনি স্থানীয় এমপি। সড়কে এসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। এটা ভালো বিষয়। তার কাজ প্রশংসার দাবি রাখে।’ অটোরিকশাচালক মেজবাহ উদ্দিন মিঠু বলেন, ‘এমপি নিজে এসে কাজ করার কারণে সড়ক পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে গেছে। কিন্তু তিনি চলে যাওয়ার পর আর এ পরিস্থিতি থাকবে না। এজন্য পুলিশকে কঠোর নির্দেশনা দিলে আরও ভালো হয়।’
ময়মনসিংহ মহানগর বিএনপির একজন নেতা বলেন,
দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে যানজটে আটকা পড়লে, কোনো প্রোটোকল ছাড়াই তিনি প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান করে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরান।তিনি জানান-
সড়কে এমপি নামার পর পরিস্থিতিই পাল্টে গেছে। আমরা নিজেরা নেমে কাজ করছি। কোনোভাবেই যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তা দেখছি।’
ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের একটি সুত্র জানিয়েছে , ‘এ সময় আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরাও মহাসড়কে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের জন্য কাজ করছিলেন। যানজট বেশি দেখে এমপি স্যার নিজেই সড়কে নেমে যানজট নিরসনে কাজ করেন। ট্টাফিক পুলিশ সদস্যরাও তার সঙ্গে ছিলেন।