
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের এক কলেজপড়ুয়া তরুণীর নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে মাহমুদ হাসান (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, র্যাবের সহায়তায় বাংলাদেশ পুলিশ-এর বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার-এর নেতৃত্বে চার সদস্যের একটি টিম টানা ৪৮ ঘণ্টার চিরুনি অভিযান চালিয়ে রবিবার (১৭ মে) হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাহমুদ হাসান ভান্ডারিয়া উপজেলার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫, ২৬ ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশারকান্দি ইউনিয়নের এক ব্যবসায়ীর মেয়ে এবং চাখার সরকারি ফজলুল হক কলেজ-এর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাহমুদ হাসান। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রস্তাব নিয়ে আত্মীয়স্বজনসহ মেয়ের বাড়িতে গেলেও পরিবারের পক্ষ থেকে বিয়েতে অস্বীকৃতি জানানো হয়। এরপর ক্ষোভ থেকে ওই ছাত্রীর ব্যক্তিগত ছবি, চ্যাটিংয়ের স্ক্রিনশট ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাহমুদ হাসান একজন পেশাদার সাইবার অপরাধী ও ব্ল্যাকমেইলার। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। পরে সেসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ভিকটিম ও তাদের পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করতেন। তার বিরুদ্ধে একাধিক তরুণীকে হয়রানির অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বানারীপাড়া থানা পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালায়। পরে হবিগঞ্জের মাধবপুরের প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। সাইবার অপরাধ ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাব্বির হোসেন।।