
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারের সামনের সড়কে বাসা-বাড়ির বাথরুমের নোংরা পানিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা নেমে এসেছে। বেচাকেনা কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬ইং) বিকেলে বাজারের মাছ ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান বেপারী ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ মিয়ার উপস্থিতিতে ব্যবসায়ীরা রাস্তায় জমে থাকা পানিতে নেমে প্রতিবাদ জানান।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিছু বাড়ির মালিক বৃষ্টির পানির সঙ্গে বাসা-বাড়ির বাথরুমের নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় ছেড়ে দেওয়ায় পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং বাজারে ক্রেতাদের আসা কমে যাওয়ায় ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ব্যবসায়ীরা আরও জানান, দ্রুত সরকারি উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে মানববন্ধনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও রাস্তায় নোংরা পানি ফেলা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।