
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা যেভাবে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, একইভাবে আসন্ন কালীপূজাতেও নজরদারি অব্যাহত রাখতে হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজে লাগিয়ে একটি কার্যকর তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় আনসার-ভিডিপিসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রত্যেকটি দপ্তরের নিজস্ব প্রটোকল রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে একে অপরকে সহযোগিতা ও সমন্বয় না করলে শুধু বিজিবির পক্ষে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি পুলিশ, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে।
জেলা প্রশাসক এককভাবে সফলতা দেখানোর মানসিকতা পরিহার করে সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সীমান্ত দিয়ে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টাস্কফোর্সের কার্যক্রম আরও সক্রিয় করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল, সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।