
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় দুই বছরের এক শিশুর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ সাড়ে ৯ লাখ টাকা, প্রায় ১৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে মনির হোসেন নামে এক ব্যক্তিসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোছা. ববিতা আক্তার আদালতে মামলা দায়ের করেছেন।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী ও মামলার বাদী ববিতা আক্তার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৪ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের পূর্ব ডেন্ডাবর এলাকায় তাঁর বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। তাঁর কাছ থেকে নেওয়া পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
ববিতা আক্তার আরও অভিযোগ করেন, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর মাত্র দুই বছর বয়সী শিশুসন্তানের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা নগদ প্রায় সাড়ে ৯ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে বলে জানান ভুক্তভোগী। তবে থানায় মামলা গ্রহণ না করায় পরবর্তীতে আদালতের শরণাপন্ন হন তিনি।
এ ঘটনায় দায়ের করা সি.আর. মামলা নং- ৭/২০২৬। এ মামলায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ১ নং আসামি করে মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছেন। আদালত থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ সচেতন মহল।