
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ সময় একাডেমি প্রাঙ্গনে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বক্তব্যকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সবুর আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়
এদিকে গোদাগাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার মো: জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মোঃ সাইদুর রহমান, গোদাগাড়ী পৌরসভা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় শক্তি, সমবায় মুক্তি।” দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে সবাই মিলে দেশ গড়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নেতাকর্মী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী