
কে এম সোহেব জুয়েল ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দিনব্যাপী এ শিক্ষাশিবিরে সংগঠনের কর্মীদের সাংগঠনিক দক্ষতা, নৈতিক উন্নয়ন, দাওয়াতি কার্যক্রম, আনুগত্য, পরামর্শ ও আত্মসমালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আল আমিন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সকাল ৯টায় কর্মসূচি শুরু হয়। পরে দারসুল কুরআন পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী। বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত এবং কোরআন-সুন্নাহর আলোকে আদর্শিক জীবন গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সকাল ১০টা ২০ মিনিটে শুরু হওয়া আলোচনা পর্বে ‘দাওয়াতে দ্বীন: মুমিন জীবনের মিশন’ বিষয়ে আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. সামিউল হক ফারুকী। ‘জামায়াতে ইসলামীর কর্মীদের কাঙ্ক্ষিত গুণাবলি’ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাবী। এ ছাড়া ‘স্থানীয় নির্বাচনে আমাদের করণীয়’ বিষয়ে বক্তব্য দেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান। দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পরে বিকেলে ‘আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচির শেষ পর্যায়ে সমাপনী অধিবেশনের মাধ্যমে শিক্ষাশিবিরের কার্যক্রম শেষ হয়। শিক্ষাশিবিরে সংগঠনের স্থানীয় পর্যায়ের প্রায় ৫ শতাধিক কর্মি যোগদান করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা জামাতের সেক্রেটারী মোঃ বায়জীদ শরীফ।