
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় কিশোর গ্যাং প্রতিরোধ, শিক্ষার পরিবেশ রক্ষা এবং সামাজিক অবক্ষয় রোধে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর শহরের বিভিন্ন পয়েন্টে আড্ডায় কোনো শিক্ষার্থীকে পাওয়া গেলে তাকে আটক করা হবে এবং পরবর্তীতে অভিভাবকদের এনে জিজ্ঞাসাবাদ ও কঠোর মুচলেকা নেওয়া হবে বলে প্রশাসনিকভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির বরাত দিয়ে বানারীপাড়া পৌর শহর ও আশপাশের এলাকায় এই বিষয়ে ব্যাপক মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়।
প্রচারণায় জানানো হয়, সন্ধ্যার পর অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে হাট-বাজার,চায়ের দোকান, বিভিন্ন মোড়ে বা নির্জন স্থানে আড্ডা দেয়। এতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকসহ গ্যাংবাজিতা জড়িয়ে পরার ঝুঁকিতে থাকে। শিক্ষার গুণগত মান নিশ্চিত এবং কিশোর অপরাধ শূন্যে নামিয়ে আনতে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় থাকবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি জানান, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা এবং তাদের সঠিক পথে রাখতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ বিষয়ে সকল অভিভাবক,শিক্ষক ও সচেতন নাগরিকদের সহায়তার আহ্বান জানানো হচ্ছে।
প্রশাসনের এই সময়োপযোগী ও কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।