
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জয়পুরহাটের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল হকের মৃত্যু হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। এখন দুজনের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে৷ ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপার দুজনেই পলাতক রয়েছে৷
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।