
হেলাল শেখঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রধান ড্রেনেজ পাইপ কেটে অবৈধভাবে বর্জ্য পানির সংযোগ দেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে প্রভাবশালী চক্রের হামলার শিকার হয়েছেন পাঁচ গণমাধ্যমকর্মী।
ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার রূপায়ণ সিটির গেট সংলগ্ন ৫৯৮ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে সংঘবদ্ধ একটি চক্র ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামগড়া এলাকার স্থানীয় বাড়ির মালিক মোঃ আলমগীর ও ব্যবসায়ী মোঃ বিপ্লব নিজেদের প্রভাব খাটিয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রধান পানি নিষ্কাশন লাইন কেটে বর্জ্য সংযোগের কাজ শুরু করেন। তারা পাঁচজন শ্রমিক নিয়োগ করে আবাসিক ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের অননুমোদিত বর্জ্য পানি সরাসরি সরকারি ড্রেনে ছাড়ার ব্যবস্থা করছিলেন। খবর পেয়ে, ফেস দ্য পিপল -এর প্রতিনিধিসহ পাঁচজন গণমাধ্যমকর্মী সেখানে তথ্য সংগ্রহ ও ফুটেজ ধারণ করতে যান।
ঘটনার খবর পেয়ে প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কনসালটেন্ট ও সাইট ইঞ্জিনিয়ার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, মেগা প্রকল্পের ড্রেন কেটে বর্জ্য সংযোগ দেওয়া সম্পূর্ণ অবৈধ। এমন অনিয়মের ফলে পুরো এক্সপ্রেসওয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে।
প্রকল্প কর্মকর্তাদের মন্তব্যের পর, কাজের কোনো সরকারি অনুমোদন রয়েছে কি না জানতে চাইলে অভিযুক্ত আলমগীর ও বিপ্লব ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা উপস্থিত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, অতর্কিত হামলার চেষ্টা চালান এবং ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে গণমাধ্যমকর্মীরা তাদের সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় ভুক্তভোগী গণমাধ্যমকর্মীরা বাদী হয়ে অভিযুক্ত মোঃ বিপ্লব, মোঃ আলমগীর এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, থানায় লিখিত জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিকদের ওপর এ ধরণের হামলা ও বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সচেতন সাংবাদিক মহল। সাংবাদিক নেতারা বলেন দেশ ও জাতির স্বার্থে অন্যায়-অপরাধ তুলে ধরাই সাংবাদিকদের কাজ। সেখানে মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাংবাদিকদের গায়ে হাত তোলা এবং ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা স্বাধীন সাংবাদিকতার ওপর মারাত্মক হুমকি। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।