
আজিজুল ইসলাম, যশোর: যশোরে অভিযান চালিয়ে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাদিকুর রহমান সুমন (৩৩)। সে সাতক্ষীরা সদর থানার নলকুরা লাপসা গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককালে সুমনের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৫,২৮৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদিকুর রহমান সুমন জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিজিবি পাচার রোধে আভিযানিক কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় এই সফলতা এসেছে। সীমান্তে পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।