
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।।
জয়পুরহাটের কালাই উপজেলায় অসহায় ও অসচ্ছল ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কালাই বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নন,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং সুষম উন্নয়নে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। যথাযথ সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
তিনি আরও বলেন, মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
ব্যালেন্স উইদাউট কমপ্রোমাইজ,স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে আল,খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস নাজমা আরা বারী, কালাই থানা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএসবি ও আরআইবির প্রতিনিধিরা।
উপকারভোগীদের প্রতিক্রিয়া
হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাঁদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাচল সহজ করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনে নতুন আশার সঞ্চার করবে।