
খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ
একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মাতৃভাষা বাংলায় ঐতিহাসিক ভাষণ দেওয়ায় এবং জাতিসংঘে নতুন অধ্যায়ের সূচনা করায় সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
এর অংশ হিসেবে রাজধানী ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ‘আনন্দ মিছিল’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) ভবনের সামনে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইনজীবী সমিতির ভবনের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অংশ নেওয়া আইনজীবী নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জননেতা তারেক রহমান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, বিশ্বশান্তি এবং জাতীয় স্বার্থের কথা ফুটিয়ে তুলেছেন। সম্পূর্ণ বাংলায় দেওয়া ১৫ মিনিটের এই ওজস্বী ভাষণ বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এক বিরল ইতিহাস হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত বক্তব্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই অর্জনে আনন্দিত হয়ে ঢাকা বারের আইনজীবীরা তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।
আনন্দ মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঢাকা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা, সিনিয়র আইনজীবী এবং সাধারণ আইনজীবীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।