
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক কার্যক্রম ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই একটি সুশৃঙ্খল জাতি গঠনে জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য পাঠদানে উদ্ভাবনী পদ্ধতি, নৈতিকতা এবং দায়িত্ববোধ নিয়ে শিক্ষকদের কাজ করতে হবে এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা, ফলাফলে উন্নয়ন, ছাত্র ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ সুন্দর রাখা ও শিক্ষার মূল্যবোধ নিশ্চিত করতে হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার কোরবান আলী, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন , জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসহাক আলী ও দুলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হোসেন প্রমুখ। সভায় বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্যভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস ও বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমাতে গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার দুই শতাধিক শিক্ষক অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন।আলোচনা শেষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।।